শাহবাগে নয়, সভা-সমাবেশ করতে হবে সোহরাওয়ার্দীতে

শাহবাগে নয়, সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য ব্যাপক জনসমাগম ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর শাহবাগ এলাকা অবরোধ করে সভা-সমাবেশ করার কারণে যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এজন্য শাহবাগের পরিবর্তে বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ করার স্থান নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে যানজট তৈরি হয়। জনভোগান্তি দূর করতে শাহবাগের মোড়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশটা করে তাতে জনভোগান্তি অনেক কম হয়। বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। আমরা সবাইকে অনুরোধ করব শাহবাগের পরিবর্তে যেন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ বা সভা সমাবেশ করে।
সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসী ও উগ্রবাদী প্রতিরোধ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।






