মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি:
দীর্ঘ ১০১ বছর ধরে দুই টাকার বিনিময়ে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে চাঁদপুরের একটি দাতব্য চিকিৎসালয়। প্রতিষ্ঠানটি পরিচালনা করছে চাঁদপুর পৌরসভা। তিনজন স্বাস্থ্য সহকারী চিকিৎসক এই সেবাদানে নিয়োজিত। সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
জানা যায়, ১৯২০ সালে চাঁদপুর পৌরসভা এই দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করে। স্থানীয় সাধারণ মানুষ এখানে মাত্র দুই টাকার বিনিময়ে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ পেয়ে থাকেন। চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, এখানে স্বাস্থ্য সহকারীদের পাশাপাশি একজন মেডিকেল অফিসার থাকলে উন্নত চিকিৎসা পাওয়া যেত।

প্রান্তিক পর্যায়ের অন্তত ৫০ থেকে ৬০ জন রোগী এখানে নিয়মিত চিকিৎসা নেন। সাধ্যের মধ্যে সেবা দেয়ার চেষ্টা করেন এখানে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। শত বছর ধরে সাধারণ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া প্রতিষ্ঠানটি আরও উন্নত চিকিৎসা দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।








