পল্লিকবি জসীম উদ্দীন-এর স্মৃতিকে ধারণ করে আয়োজন করা হলো ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর তৃতীয় পর্ব। তাঁর অমর কাব্যগ্রন্থ নকশী কাঁথার মাঠ অবলম্বনে নির্মিত লোকনৃত্যনাট্য ছিল এবারের আয়োজনের মূল আকর্ষণ। আন্তর্জাতিক নৃত্য দিবস এবং কবির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’র যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার ১৭ এপ্রিল রাজধানীর আলোকি কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা অঙ্গনের দর্শক ও শিল্পপ্রেমীরা।

নৃত্যনাট্যের মাধ্যমে রূপাই ও সাজুর চিরায়ত প্রেম-বিরহের কাহিনি নতুনভাবে মঞ্চে তুলে ধরা হয়। পরিবেশনায় অংশ নেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যদল নৃত্যাঞ্চল। পুরো আয়োজনের কিউরেটর ছিলেন আনিসুল ইসলাম হিরু। সঙ্গীত, নৃত্য ও আবেগঘন উপস্থাপনার সমন্বয়ে বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও সৌন্দর্যের এক মনোমুগ্ধকর চিত্র ফুটে ওঠে মঞ্চে, যা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রুমানা চৌধুরী এবং মালিক মোহাম্মদ সাঈদ। তারা দেশীয় সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে সংযোগ রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন-এ আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এটি সম্প্রচার করা হবে।








