ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, শনিবার শহীদ রাজাই বন্দরের একাংশে কয়েকটি কন্টেইনার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশন প্রকাশিত ফুটেজে বন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়।
হরমুজগান প্রদেশের আঞ্চলিক বন্দর কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ রাষ্ট্রীয় টিভিকে জানান, শহীদ রাজাই বন্দর ডকের একটি অংশে বিস্ফোরণ হয়েছে এবং আমরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। হরমুজগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোখতার সালাহশুর বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
রাজধানী তেহরান থেকে প্রায় ১০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজাই ইরানের সবচেয়ে আধুনিক কন্টেইনার বন্দর। এটি বন্দর আব্বাস শহর থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে এবং বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত, যেখানে দিয়ে বিশ্বের মোট তেল উৎপাদনের এক পঞ্চমাংশ পরিবাহিত হয়।







