বিশ্বকাপের বাকি ১৯ দিন। এমন মুহূর্তে আর্জেন্টিনা দলের দুশ্চিন্তা তৈরি হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মার্টিনেজ খেলতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
যদিও চোট নিয়েই পুরো ম্যাচ খেলেছেন মার্টিনেজ। ফ্রাইবুর্গকে গত বুধবার রাতে ৩-০তে গোলে হারিয়ে ইউরোপা লিগ ফাইনাল জেতে অ্যাস্টন ভিলা। শিরোপা নির্ধারণী এ ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে খবর, মার্টিনেজের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ২০ দিন লাগবে। ওদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন, কানশাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের আগে মার্টিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। তবে সমস্যা হলো, বিষয়টির নিশ্চয়তা নেই। অর্থাৎ সুস্থ হয়ে উঠতে পারেন, আবার না-ও পারেন। সেরে না উঠলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না মার্টিনেজকে।








