গ্রীষ্মকালীন দলবদলে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দিয়েছেন মার্কাশ র্যাশফোর্ড। ধারে বার্সায় এসেছেন ইংলিশ তারকা। কাতালানদের হয়ে খেলা গ্যারি লিনেকারের ৩৬ বছর পর প্রথম কোন ইংলিশম্যান হিসেবে স্প্যানিশ জায়ান্টদের ডেরায় এলেন র্যাশফোর্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপান র্যাশফোর্ডের সময়টা প্রিমিয়ার লিগে ভালো কাটছিল না। আপাতত ধারে এলেও পরে তাকে কেনার সুযোগ থাকছে বার্সার। সাপ্তাহিক সাড়ে ৩ লাখ ইউরো পাবেন তিনি, বাংলাদেশি টাকায় ৪ কোটির বেশি। কোচ হ্যান্সি ফ্লিকের পরিকল্পনায় আক্রমণে বাঁ-প্রান্ত সামলাতে ইংলিশ তারকাকে উড়িয়ে আনা।
র্যাশফোর্ডকে এনে ফ্লিক জানিয়েছেন, ‘এবিষয়ে ক্লাবের সাথে আমার আলোচনা হয়েছে। শেষ কিছু ম্যাচে আক্রমণে বেশ একটা সুবিধা করতে পারিনি আমরা। আমাদের নতুন মানসম্মত খেলোয়াড় দরকার ছিল। এটা ডেকোর (স্পোর্টিং ডিরেক্টর) দায়িত্ব, আমি তাকেই বলবো দেখতে।’
প্রথমে স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসের সঙ্গে চুক্তির চেষ্টা করেছিল বার্সা। তিনি অ্যাথলেটিক বিলবাওতে ২০৩৫ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। লিভারপুলের লুইস ডিয়াজের জন্যও চেষ্টা চালিয়েছিল কাতালানরা, কলম্বিয়ান তারকাকে ছাড়তে রাজি হয়নি অলরেড কর্তৃপক্ষ।








