প্যারিস অলিম্পিকে ১৩তম দিনে মেয়েদের ১০ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে স্বর্ণপদক জিতেছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রাউয়েন্ডাল। অলিম্পিকের এ ইভেন্টে তার দ্বিতীয় স্বর্ণপদক। সবমিলিয়ে এ ইভেন্টে তিনটি পদক জিতলেন ডাচ তারকা।
প্যারিসের সেইন নদীতে নেমে টানা দুই ঘণ্টার বেশি সাঁতরেছেন শ্যারন। স্বর্ণপদক জিততে সময় লাগে ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪ দশমিক ২ সেকেন্ড। ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন শ্যারন। পরেরবার টোকিও অলিম্পিকে রৌপ্যপদক এসেছিল ঝুলিতে। প্যারিসে এসে পদক উদ্ধার করলেন।
ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন অস্ট্রেলিয়ার সাঁতারু মোশা জনসন। মার্কিন তারকার সময় লাগে ২ ঘণ্টা ৩ মিনিট ৩৯ দশমিক ৭ সেকেন্ড। ব্রোঞ্জ পদক জেতা ইতালির সাঁতারু জিনেভরা তাদেউচির সময় লাগে ২ ঘণ্টা ৩ মিনিট ৪২ দশমিক ৮ সেকেন্ড।







