প্যারিস অলিম্পিকে দু’দিনের ব্যবধানে ইতিহাস গড়লেন মনু ভাকের। গেমসে দ্বিতীয় পদক জিতে নিলেন ভারতীয় শুটার। জয়ের পর জানান, পদক বা ইতিহাসের কথা আগে চিন্তাই করেননি। শেষপর্যন্ত শুধু লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন।
প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনে ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। সঙ্গী ছিলেন সরবজোত সিং। মনু এই ইভেন্টে ব্যক্তিগততেও ব্রোঞ্জ জিতেছেন এবার। মঙ্গলবার তারা সাউথ কোরিয়ার ওহ ইয়ে জিন এবং লি ওয়ানহো জুটিকে হারিয়েছে। স্বাধীন ভারতে প্রথম ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিকে দুটি পদক আনলেন মনু।
মনুর আগে, ব্রিটিশ-ভারতীয় অ্যাথলেট নরম্যান প্রিচার্ড ১৯০০ সালের অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ২০০ মিটার হার্ডলসে দুটি রৌপ্য পদক জিতেছিলেন।
পদক জিতে ২২ বর্ষী মনু বলেছেন, ‘সবার কাছে আমি কৃতজ্ঞ। দ্বিতীয় ভারতীয় হিসেবে পদক জিততে পেরে গর্বিত। সকলের দোয়া ছাড়া এটা সম্ভব হত না। দ্বিতীয় পদক বা ইতিহাসের কথা মাথায় ছিল না। আমি শুধু শেষপর্যন্ত লড়াই চালিয়ে যেতে চেয়েছিলাম।’
এই ইভেন্টে স্বর্ণ জিতেছে সার্বিয়া, যা প্যারিস অলিম্পিকে তাদের প্রথম পদক। জোরানা অরুনোভিচ ও দামির মাইকেকের হাত ধরে স্বর্ণ জিতল দেশটি। রৌপ্য পদক জিতেছে তুরস্কের রূপালী ইউসুফ ডিকেক এবং ইভাল ইলেদা তারহান।







