বিশ্ব ফুটবলে পুনরুত্থানের নায়ক ক্রিস্টিয়ান এরিকসেন। ২০২০ সালে ইউরো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ডেনিশ তারকা। অবশেষে ফিরেছিলেনও ব্রেন্টফোর্ডের জার্সিতে। চুক্তি শেষ হওয়ার পরও তাকে দলে রাখতে আগ্রহী ছিল ক্লাবটি। তবে এরিক টেনের আগ্রহ ফেলতে পারেননি। ২০ মিলিয়ন ইউরোতে আগামী তিন বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ৩০ বর্ষী মিডফিল্ডার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের সঙ্গে গত ২০২১-২২ মৌসুমের শেষঅর্ধের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এরিকসেন। দলটির জার্সি গায়ে ডেনিশ মিডফিল্ডার খেলেছেন ১১ ম্যাচ। যেখানে ১টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন এই তারকা। নতুন চুক্তিতে ম্যানচেস্টারের জার্সি গায়ে তুলতে তর সইছে না এরিকসেনের।
‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশেষ ক্লাব। রেড ডেভিলদের হয়ে শুরু করতে আর অপেক্ষা করতে পারছি না। আমি ওল্ড ট্র্যাফোর্ডে অনেকবার খেলার সুযোগ পেয়েছি কিন্তু ইউনাইটেডের লাল জার্সিতে মাঠে নামাটা হবে আশ্চর্যজনক অনুভূতি।
ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। কোচের প্রশংসা করে জানিয়েছেন তার অধীনে খেলতে কতটা মুখিয়ে রয়েছেন তিনি।
‘আমি আয়াক্সে এরিক টেনের কাজ দেখেছি। সে এবং তার কর্মীরা প্রতিদিন যে বিশদ প্রস্তুতির স্তর রাখে তা আমি জানি। এটা সত্যি তিনি একজন দুর্দান্ত কোচ। তার সাথে কথা বলে এবং তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে জেনে আমি ভবিষ্যতের জন্য আরও বেশি উত্তেজিত। আমার এখনও খেলাটিতে বড় উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আমি জানি, আমি অর্জন করতে পারি। আমার যাত্রা চালিয়ে যাওয়ার এটি একটি উপযুক্ত জায়গা।’
এরিকসেনের মাঠে প্রত্যাবর্তনের গল্প লেখাটা খুব সহজে হয়নি। ইউরো ২০২০ আসরের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছিল ডেনমার্ক, ম্যাচের ৪২ মিনিটে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান তিনি। পরে নানা শঙ্কা-আশঙ্কার পর হাসপাতালে নেয়া হয়।
সেসব ছাপিয়ে ফুটবলে ফিরতে মরিয়া হয়ে ওঠেন এরিকসেন। ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে ফের সুযোগ করে নেন জাতীয় দলে, সেই নেদারল্যান্ডসের বিপক্ষেই ফেরেন। প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ২৮৭ দিন পর ফিরে দ্বিতীয় মিনিটেই পেয়ে যান জালের দেখা। এছাড়াও প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৫২টি গোল ও ৭১টি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। তাকে দলে টানতে পেরে তাই সুদিনের অপেক্ষায় ইউনাইটেড ফুটবল ডিরেক্টর জন মুর্টফ।
‘এরিকসেন ইউরোপের সেরা আক্রমণাত্মক মিডফিল্ডারদের একজন। অবাক হওয়ার কিছু নেই যে এই গ্রীষ্মে তার কাছে অনেকগুলি বিকল্প ছিল। আমরা সত্যিই খুশি যে সে নিশ্চিত এটি তার জন্য সঠিক ক্লাব। তার অসামান্য কৌশল ছাড়াও, মহামূল্যবান অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতা এখানে যোগ করবে। আমরা আসন্ন মৌসুমে তার খেলা দেখার অপেক্ষায় রয়েছি।’







