গত মৌসুমের মতো এবারও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। সেজন্য অপেক্ষা করতে হবে হয়ত মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত। এক ম্যাচে আর্সেনাল এগিয়ে যাচ্ছে, তো পরের ম্যাচে ম্যানসিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের জয়ের পর এবার টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ম্যানসিটির ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য সিটিজেনদের কোচ পেপ গার্দিওলার মত, টটেনহ্যামকে হারাতে পারলেই শিরোপা জেতা সম্ভব ম্যানসিটির।
গার্দিওলা বলেছেন, ‘এটা স্পষ্ট। আমাদের হাতে কেবল একটি সুযোগই আছে। ম্যাচটি জিততে হবে। যদি আমরা টটেনহ্যামকে হারাতে না পারি, তবে আমরা প্রিমিয়ার লিগ জিততে পারব না।’
ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনালের রোববারের ম্যাচ ঘিরে ম্যানসিটির প্রত্যাশায় ছিল আর্সেনালের হার। আর্সেনালের পয়েন্ট হারালে ট্রফিতে এক হাত রাখতে পারত সিটি। সিটিকে সে সুযোগ দেয়নি এমিরেটসের দলটি। ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতে শিরোপা লড়াইয়ে দারুণভাবে টিকে আছে গানারবাহিনী।
পাশাপাশি জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে মিকেল আর্তেতার দল। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৮৬। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৮৫।
বুধবার রাত ১টায় টটেনহ্যামের বিপক্ষে নামবে ম্যানসিটি। সিটির শেষ ম্যাচ ওয়েস্টহ্যামের সঙ্গে ১৯মে।







