ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে ২-২ ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে প্যালেসের মাঠে তাদের পাত্তাই দেয়নি সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনার জোড়া গোল ও আর্লিং হালান্ড ঝলকে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। জয়ে আর্সেনালকে ঠেলে টেবিলের দুইয়ে উঠেছে ম্যানসিটি।
সেলহার্স্ট পার্কে সিটিজেনদের হয়ে ডি ব্রুইনার জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন হালান্ড ও রিকো লুইস। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেছেন ফিলিপ মাতেতা ও ওডসন্নে এডুয়ার্ড। জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি । এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩০ ম্যাচে সিটিজেনদের চেয়ে দুই পয়েন্ট কমে তিনে আর্সেনাল।
ঘরের মাঠে শুরুটা দারুণ করেছিল প্যালেস। তৃতীয় মিনিটে সিটির জালে বল পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন ফিলিপ মাতেতা। মিনিট সাতেক পরেই ডি ব্রুইনার গোলে সমতায় ফেরে ম্যানসিটি। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রিকো লুইসের গোলে লিড পায় সিটি। ৬৬ মিনিটে ডি ব্রুইনার আসিস্টে ব্যবধান বাড়ান হালান্ড। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন বেলজিয়ান তারকা। সিটি এগিয়ে যায় ৪-১ গোলে। ৮৬ মিনিটে সিটিজেনদের জালে বল পাঠিয়ে ব্যবধান কমান এডুয়ার্ড।







