ম্যানচেস্টার সিটিতে অবিশ্বাস্য সব মৌসুম কেটেছে বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনের। একদশকের ক্যারিয়ারে ১৬টি শিরোপা জয়ের পর গতরাতে ইতিহাদে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর এভাবে চলে যাওয়াকে অদ্ভুত বলেছেন তিনি।
২০১৫ সালে জার্মান ক্লাব থেকে ম্যানচেস্টার সিটিতে আসেন ডি ব্রুইন। ম্যানসিটিতে ১৬টি শিরোপা জিতেছেন, যার মধ্যে ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ, টানা চার মৌসুমে লিগ শিরোপা, এফএ কাপসহ ট্রেবল জিতেছেন।
মঙ্গলবার রাতে বোর্নমাউথের বিপক্ষে খেলে ডি ব্রুইন বলেছেন, ‘কিছুটা অদ্ভুত লাগছে। অবিশ্বাস্য একটি যাত্রা ছিল। মানুষকে আনন্দ দিতে চাই, আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই, সৃজনশীল হতে চাই, মাঠে সেটাই করি এবং মজা করতে চাই। এ ক্লাবের জন্য কঠোর পরিশ্রম করা এবং কিছু তৈরি করা সত্যিই আনন্দের ছিল। আমি অত্যন্ত গর্বিত।’
প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিলেন ডি ব্রুইন, জালে জড়াতে পারেননি। বলেছেন, ‘এটি ভয়াবহ। কোন অজুহাত দিতে চাই না। আমার ছেলে আজ আমার সাথে খুব কঠোর হতে চলেছে।’
‘আমার পরিবার এবং আমাকে ঘিরে প্রায় পূর্ণ একটি স্টেডিয়াম অনেককিছুই বলে দিচ্ছে। ৫০ হাজার মানুষ আপনার বিদায়ের জন্য অপেক্ষা করছে এমন মুহুর্ত কজনের হতে পারে? এটা দুর্দান্ত। তার মানে আমি সবসময়ই এখানকার অংশ হয়ে থাকব।’
ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে ৩-১ গোলের জয় দিয়ে শেষ করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ১৪ মিনিটে ওমর মারমুশের গোলের পর ৩৮ মিনিটে বের্নার্দো সিলভা দ্বিতীয় গোলটি করেন। ৮৯ মিনিটে নিকো গঞ্জালেস সিটির শেষ গোলটি করেন।








