চেলসিকে ৪-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। বড় ব্যবধানে জয়ের পরও ম্যানসিটি ভিন্ন একটি বিষয় উপস্থাপনের কারণে আলোচনায় এসেছে। গ্যালারিতে দর্শকদের দেয়া সমকামী বিরোধী স্লোগানের ঘটনায় নিন্দা জানিয়েছে ক্লাবটি।
রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্যালারি থেকে সমকামী বিরোধী ‘রেন্ট বয়’ স্লোগানটি ওঠে। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে।
খেলা শেষে ম্যানসিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা আজকের ম্যাচে বৈষম্যমূলক স্লোগান দিয়েছিল, ম্যানচেস্টার সিটি সংখ্যালঘু সেসব দর্শকদের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে। একটি ইতিবাচক পরিবেশ তৈরিতে আমাদের সঙ্গে যোগ দেয়ার জন্য সকল ভক্তকে অনুরোধ করছি। এখানে প্রত্যেককে স্বাগত জানানো হয়।’
এফএ’র মুখপাত্র বলেছেন, ‘আমরা ‘রেন্ট বয়’ শব্দটির ব্যবহারের তীব্র নিন্দা করছি। এটিকে খেলা থেকে দূর করতে আমরা বদ্ধপরিকর। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পাশাপাশি ইউকে ফুটবল পুলিশিং ইউনিটের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি।
‘সবধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে আমাদের খেলা সবার জন্য একটি নিরাপদ পরিবেশ রাখতে চাই, যা বৈচিত্র্যতাকে বরণ করে। মাঠের ভেতরে ও বাইরে ঘৃণ্য আচরণকে মোকাবিলা করে।’







