শেরপুরে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বেলা ২টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে শহরের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুস সালাহ (৮) শহরের নবীনগর এলাকার বাসিন্দা ও ফারকীয়া দারুচ্ছালাম মাদ্রাসার সাধারণ সম্পাদক কামরুল আহসানের পুত্র। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার বিরতিতে কয়েকজন শিক্ষার্থী রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন সালাহ দৌড়ে রাস্তা পার হতে চেষ্টা করে। এসময় ওই সড়কে চলাচলকারি একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে সালাহকে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।







