হোবার্টের আকাশে চলছে মেঘের ঘনঘটা। দিনের প্রথম খেলায়ও বাগড়া দিয়েছিল বৃষ্টি। শঙ্কায় থাকা সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ পড়েছে বৃষ্টিবাধায়, ২০ ওভারের খেলা কমে দাঁড়িয়েছে ৯ ওভারে। প্রোটিয়া পেসে শুরুতে ধুঁকলেও বাকি পথ দারুণভাবে সামলেছে জিম্বাবুয়ের পঞ্চম উইকেট জুটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা তুলেছে ৭৯ রানের চ্যালেঞ্জ জানানো সংগ্রহ।
বেলেরিভ ওভালে বৃষ্টি আর কোনো ঝামেলা না বাধালে নির্ধারিত ৯ ওভারে ৮০ রান করতে হবে সাউথ আফ্রিকাকে। ওভারপ্রতি রান তুলতে হবে প্রায় ৯ রেটে। অবিচ্ছিন্ন থেকে ওয়েসলি মাধেভেরে ও মিল্টন সুম্বা এনেছেন ৬০ রান। শেষ ৫ ওভারে ওভারপ্রতি ১১ রান করে যোগ করেছেন দুজন।
সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া পেসারদের তোপে পড়েন জিম্বাবুয়ের ব্যাটাররা। ওয়েইন পারলেন ছিলেন দুর্দান্ত। দুই ওভারে ছয় রান খরচ করে ফিরিয়েছেন অধিনায়ক আরভিনকে। ২০ রান খরচায় দুটি উইকেট তুলেছেন লুনগি এনগিডি।
৬ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ের পরের জুটিও ৬ রানের। দলীয় ১২ রানে চাকাভা ফিরলে কোনো রান না করেই সাজঘরে হাঁটা দেন ইনফর্ম ব্যাটার সিকান্দার রাজা। তাকে শূন্য রানে ডি ককের ক্যাচ বানিয়েছেন এনগিডি। বাকি পথ অবিচ্ছিন্ন থেকে পার করে দিয়েছেন মাধেভেরে-মিল্টন।
নর্টজে-রাবাদাদের উপর চড়াও হয়ে শেষদিকে রান এনেছে জিম্বাবুয়ে। ৬০ রানের জুটিতে ১৮ বলে ৩৫ রানের অবদান মাধেভেরের। ইনিংস সাজিয়েছেন চার চার ও এক ছক্কায়। ২০ বলে ১৮ রান করে সঙ্গ দিয়েছেন সুম্বা।








