ডিসেম্বরে এলপিজির দাম অপরিবর্তিত থাকবে

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এ মাসে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসের মতো ডিসেম্বরেও ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।
মঙ্গলবার ৩ ডিসেম্বর দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ডিসেম্বর মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে এক হাজার ৪৫৫ টাকায়।
এর আগে, নভেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম অক্টোবরের তুলনায় ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর গত জুলাইয়ে থেকে অক্টোবর পর্যন্ত টানা দাম বাড়ানো হয়। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি।
একইসঙ্গে মঙ্গলবার অটোগ্যাসের দামও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলপিজির পাশাপাশি গত নভেম্বরে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়। গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল। এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে অটোগ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি।






