এবার এলপি গ্যাসের দাম কমল। ১২ কেজি সিলিন্ডার ৯৩ টাকা কমে ১ হাজার ২৪২ টাকা। আর যানবাহনে ব্যবহার করা অটোগ্যাস লিটার প্রতি ৫৭ টাকা ৯১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হচ্ছে।
বৃহস্পতিবার ২ জুন বিকাল পৌনে ৫টার দিকে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।
বিইআরসি চেয়ারম্যান বলেন, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য এক হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, বুধবার রাতে সৌদি আরামকো কোম্পানি তাদের দাম ঘোষণা করেছে। আমরা সারারাত সদস্যরা বসে দাম সমন্বয় করেছি।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান ও বার্কের সচিব মো. খলিলুর রহমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।







