প্রথমবার বিজ্ঞাপনের মডেল হলেন ক্ল্যাসিক ব্যাটার লিটন কুমার দাস। দিনে দিনে যিনি হয়ে উঠেছেন সেরাদের একজন। তার সেরা হয়ে ওঠার গল্পটি ছিল বেশ কঠিন। ক্রিকেট পাগল ছোট্ট ছেলেটির আজকের লিটন হয়ে ওঠার সেই গল্পটি বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছেন তরুণ নির্মাতা মাঈনউদ্দিন সিয়াম, যিনি আগে মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে বিজ্ঞাপন বানিয়ে সাড়া ফেলেছিলেন।
কিছুদিন আগে বিজ্ঞাপন চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে সেটি প্রচারে আসে। প্রথমবার বিজ্ঞাপনের মডেল হওয়া লিটনকে দর্শকরা সাধুবাদ জানাচ্ছেন।
নির্মাতা মাঈনউদ্দিন সিয়াম জানালেন, ‘আমরা তিন দিন শুট করেছি। এরমধ্যে লিটন দাসের ছিল একদিন। তিনি এর আগে কখনো বিজ্ঞাপন করেননি। এটাই প্রথম। প্রথম হলেও তাকে বেশ সাবলীলভাবেই পেয়েছি এবং বেশ সাপোর্টিভ ছিল।’
‘বিজ্ঞাপনটির মাধ্যমে লিটনের জীবনের গল্পটিই একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। তার লিটন দাস হয়ে ওঠার গল্প। লিটনের ছোটবেলার চরিত্র রূপদানের জন্য তার মতো করে কাউকে পাওয়াটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু এরপর বিভিন্ন অডিশনের মাধ্যমে তার ছোটবেলার লুকের কাছাকাছি একজনকে পেয়ে যাই এবং পরে তাকে নিয়েই আমরা কাজটা করি। লিটন দাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় দারুণ।’








