প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সে কারণে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও ছিলেন না। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল লিটনের পিএসএল যাত্রা। অনুশীলনে তিনি আঙুলে চোট পান, পরে চিড় ধরা পড়ায় দেশে ফিরে আসছেন ৩০ বর্ষী ক্রিকেটার।
অফিশিয়াল ফেসবুক পেজে শনিবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিটন। আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।’
এবার পিএসএলের নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে তিনি অনাপত্তিপত্র পেয়েছিলেন। এর আগে আইপিএল, এলপিএলে খেললেও কখনো পিএসএলে মাঠে নামা হয়নি তার।
বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল।







