ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ছয়জন আইনজীবী এ রিট আবেদন করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটকারী অন্য আইনজীবীরা হলেন- জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
রিটে প্রশাসক নিয়োগের আইনগত ভিত্তি ও সাংবিধানিক বৈধতা প্রশ্নে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বিষয়টি শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।







