রাজধানীর গুলশান এলাকা থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চুরি যাওয়া টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি উদ্ধার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে মাহাদী হাসান (২৮) নামে গাড়ি চুরি ও প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়।
গাড়িটির মালিক জাহিদ হাসান রাজধানীর বনানীর বাসিন্দা। গাড়ি চুরির ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী জাহিদ হাসান বাদী হয়ে গুলশান থানায় চুরির মামলা করেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গুলশান থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, জাহিদ হাসানের নামে রেজিস্ট্রেশন করা একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি বিক্রির জন্য তার পরিচিত টিপু সুলতান নামে এক ব্যক্তিকে জানায়। গাড়িটির মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকার। গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় গাড়িটি মেরামতের জন্য একটি দোকানে নিয়ে যাওয়া হয়।
মেরামতের সময় দোকানের ম্যানেজারের মাধ্যমে গ্রেপ্তার মাহাদী গাড়িটি কিনতে আসে। মাহাদী একাধিকবার গাড়িটি দেখার পর গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ৩টার দিকে গাড়িটি চালিয়ে দেখাসহ তার মাকে দেখানোর কথা বলে টিপু সুলতানসহ গাড়িটি নিয়ে গুলশান থানার লেকপাড় সংলগ্ন বিলকিস টাওয়ারের সামনে যায়।
মাহাদী সেখানে আগে থেকে অবস্থানরত অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের সহযোগিতায় টিপু সুলতানকে ভয়-ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, মামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় আসামি মাহাদী হাসানকে গাড়ি উদ্ধার সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহাদী হাসান ও তার সহযোগীরা গাড়ি চোর চক্রের সদস্য জানিয়ে তিনি বলেন: তিনি ও তার সহযোগীরা রাজধানীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ও প্রতারণার মাধ্যমে গাড়ি চুরিতে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।







