আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বিবেচনায় নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-বোনাস ও প্রাপ্য সুবিধাদি পরিশোধ করেছেন কিনা-তা নির্বাচন কমিশনের (ইসি) দ্বারা যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ ৩ মে শনিবার গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা একটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তাই যেসব প্রার্থী ব্যবসায়ী, তাদের মনোনয়ন দেওয়ার আগে তাদের প্রতিষ্ঠানে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হয়েছে কিনা, সেটি নির্বাচন কমিশনের যাচাই করা উচিত।
তিনি আরও বলেন, প্রয়োজনে এ বিষয়ে নির্বাচন সংক্রান্ত আইনে (আরপিও) সংশোধন এনে বাধ্যবাধকতা নির্ধারণ করা যেতে পারে। তার মতে, এটি বাস্তবায়ন হলে নির্বাচনী প্রার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও জবাবদিহি বাড়বে।
কোনো রাজনৈতিক দল যদি টানা তিন বছর সক্রিয় না থাকে, তাহলে সে দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল করার বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্যও তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলে দায়িত্বশীলতা থাকা উচিত। শুধু নির্বাচনের সময় সক্রিয় হয়ে ওঠা রাজনৈতিক সংস্কৃতিকে নিরুৎসাহিত করতে হবে।








