ব্যক্তিত্বের অধিকার নিয়ে কৃতি শ্যাননের মামলা

ব্যক্তিত্বের অধিকার সুরক্ষা সংক্রান্ত মামলা করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অভিনেত্রীর করা এ মামলায় আইনি নীতির বিস্তারিত পর্যালোচনার জন্য বিভিন্ন আদালতের রায় ও গবেষণাপত্রের সংকলন চায় দিল্লি হাইকোর্ট।
শুক্রবার (১৬ অক্টোবর) বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব অভিনেত্রী কৃতি শ্যাননের আইনজীবী প্রবীণ আনন্দকে এই সংকলন জমা দিতে বলেন। মামলার পরবর্তী শুনানি ২৯ অক্টোবর।
আদালত জানতে চেয়েছে, ব্যক্তিত্বের অধিকারের আওতায় কোন কোন বৈশিষ্ট্য আইনি সুরক্ষা পেতে পারে এবং এ ধরনের মামলায় হাইকোর্টের মেধাস্বত্ব বিভাগের (ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডিভিশন) এখতিয়ার কতটুকু।
কৃতি শ্যাননের পক্ষে আদালতে উপস্থিত আইনজীবী প্রবীণ আনন্দ জানান, ব্যক্তিত্বের অধিকারের আওতায় কোনো ব্যক্তির নাম, কণ্ঠস্বর, মুখাবয়ব, ছবি, আলোকচিত্র ও ভিডিওর মতো পরিচয়সূচক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি বা অনুমোদন ছাড়া তার পরিচয় বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা আইনি বিরোধের কারণ হয়ে উঠতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
দিল্লি হাইকোর্টে অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ ও অন্যান্য জনপরিচিত ব্যক্তিদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার আবেদন ক্রমশ বাড়ছে। এর আগে অভিনেত্রী কঙ্গনা রানাউত, টাবু ও বিজয় দেবেরাকোন্ডা, ক্রিকেটার অভিষেক শর্মা ও যুবরাজ সিং, কংগ্রেস নেতা শশী থারুর এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের ব্যক্তিত্বের অধিকার সংক্রান্ত দাবিও আদালতের সামনে এসেছে।
ডিজিটাল প্লাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসার ব্যক্তিত্বের অধিকার সংক্রান্ত আইনি প্রশ্নগুলিকে আরও জটিল করে তুলেছে। অনুমতি ছাড়া ডিজিটাল প্রতিরূপ তৈরি, পরিচয় জালিয়াতি, ডিপফেক এবং জনপ্রিয় ব্যক্তির পরিচয় ব্যবহার করে পণ্য বা পরিষেবার প্রচারের বিষয়গুলি এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সাধারণভাবে, ব্যক্তিত্বের অধিকার কোনো ব্যক্তির পরিচয় ও পরিচয়সূচক বৈশিষ্ট্যকে অননুমোদিত ব্যবহার বা বাণিজ্যিক শোষণ থেকে সুরক্ষা দেওয়ার সাথে সম্পর্কিত।
কৃতি শ্যাননের মামলায় চাওয়া আইনি সংকলনটি ব্যক্তিত্বের অধিকারের সুরক্ষার সীমা নির্ধারণ এবং এ ধরনের বিরোধ নিষ্পত্তির উপযুক্ত বিচারিক মঞ্চ চিহ্নিত করার ক্ষেত্রে আদালতকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস






