চেতনানাশক মাদক গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইয়ো আ-ইনকে।
অভিনেতার বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ১৮১ বার চেতনানাশক ড্রাগ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। প্রসাধনী সামগ্রীর আড়ালে আনা এসব ড্রাগ পেশাদার ক্লিনিকগুলোয় সরবরাহ করা হতো বলে জানানো হয়েছে। এ ঘটনায় প্রসিকিউশন ২০২১ থেকে বর্তমান পর্যন্ত চার বছরের সাজা চেয়েছিল অভিনেতার। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় জেলা আদালত এক বছরের সাজা দেয় অভিনেতাকে।
আদালত রায় ঘোষণার সময় বলে, অভ্যাসগত কারণে ড্রাগ ব্যবহার করায় সব পণ্য ক্রয়ের জন্য দোষী বলে বিবেচিত হয়েছেন অভিনেতা ইয়ো আ-ইনকে। তিনি প্রাসঙ্গিক নিয়মকানুন অবজ্ঞা করে অপরাধ করেছেন এবং একইসঙ্গে মাদকদ্রব্যের বিরুদ্ধে সতর্কতার অভাব প্রদর্শন করেছেন।
আদালত তার রায়ে জানিয়েছেন, মাদকের ব্যবহার ও ক্রয়ের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে ইয়ো আ-ইনকে। এছাড়া সঠিক প্রেসক্রিপশন ছাড়াই ইয়ো আ-ইনকে প্রপোফল সরবরাহ করেছেন যিনি, সেই চিকিৎসককে গত মাসে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
৩৭ বছর বয়সী অভিনেতা ইয়ো আ-ইন ‘পাঞ্চ’, ‘সিক্রেট অ্যাফেয়ার’, ‘ভেটেরান’, ‘দ্য থ্রোন’, ‘বার্নিং’, ‘অ্যালাইভ’, ‘ভয়েস অব সাইলেন্স’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তাকে দেখা গেছে অনেক কোরিয়ান টিভি সিরিয়াল ও ওয়েব সিরিজে। বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবেও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।- ইন্ডিয়া টুডে








