ক্রিকেট

আইপিএলে ফিরছেন না লিটন

বদলি হিসেবে কেকেআরে জনসন চার্লস

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের ছবি, আইপিএলে ফিরছেন না বলে মনে হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের ছবি, আইপিএলে ফিরছেন না বলে মনে হচ্ছে, তিনি লাল জার্সি পরেছেন এবং ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক ম্যাচ খেলেই আইপিএল থেকে বিদায় নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। টাইগার তারকার বদলি হিসেবে কেকেআরে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার বিশ্বকাপজয়ী ব্যাটার জনসন চার্লস। এতে আইপিএলের চলতি আসরে আর ফেরা হচ্ছে না লিটনের।

প্রথমবারের মতো আইপিএল খেলতে যাওয়া লিটন অভিষেক রাঙাতে পারেননি। ব্যাটে রান পাননি, উইকেটের পেছনেও দৃষ্টিকটু ছিলেন। প্রথম ম্যাচের ফিকে পারফরম্যান্সের পর আর দ্বিতীয় সুযোগ পাননি। পরে পারিবারিক কারণ দেখিয়ে আগেভাগেই দেশে ফেরেন। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের জন্য কলকাতা ছাড়ার কথা ঠিকই ছিল। সেটাই একটু এগিয়ে আসে।

কেকেআর বিবৃতিতে জানিয়েছিল, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাস বাংলাদেশে ফিরছেন। এই কঠিন সময়ের জন্য লিটন ও তার পরিবারের জন্য আমাদের শুভ কামনা।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ৯মে থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজে বাংলাদেশের জার্সিতে নামবেন লিটন। সিরিজ শেষে আইপিএলের শেষাংশেও আর কেকেআর ডেরায় যাবেন না বলেই চার্লসকে বদলি নিলো ফ্র্যাঞ্চাইজিটি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন দলে ছিলেন অভিজ্ঞ চার্লস। পরে জাতীয় দলের বাইরে কাটিয়েছেন প্রায় ছয় বছর। ২০২২ সালের অক্টোবরে আবারও ফেরেন। এরপর থেকে ক্যারিবিয়ানদের হয়ে দারুণ ফর্মে থাকা চার্লস সাতটি টি-টুয়েন্টি খেলেছেন। গত মার্চে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি হাঁকান।

৩৪ বর্ষী চার্লস আগে ক্যারিবিয়ান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আইপিএলে প্রথমবার এলেন। ২১৯ টি-টুয়েন্টি ইনিংসের মধ্যে ১৭৯ ম্যাচে ওপেন করেছেন ডানহাতি ব্যাটার। ২৪.২৭ গড় ও ১৩১ স্ট্রাইকরেটে রান করেছেন ৯৭১। লিটনের মতো ৫০ লাখ রুপিতেই কেকেআরে যোগ দিয়েছেন।

আইপিএলের চলতি আসরে ৯ ম্যাচে ৩ জয় নিয়ে ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে আছে কলকাতা।

বিষয়:আইপিএলওয়েস্ট ইন্ডিজকলকাতাকেকেআরচার্লসলিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…