জাতীয় দল জার্সিতে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার সঙ্গে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে পার্থে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরানের ইনিংস বাদ দিলে আলো ছড়াতে পারেনি একদমই। সিরিজজুড়ে ছিলেন নানা আলোচনার কেন্দ্রেও। স্যাম কনস্টাসকে ধাক্কা দেয়া থেকে উইকেট আসার পর আগ্রাসী উদযাপন ছিল। আইপিএলে তার সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্স মনে করেন, মাঠের ফর্ম ফেরাতে এসব আচরণ থেকে বিরত থাকতে হবে কোহলিকে।
সিরিজের পাঁচ টেস্টে আটবার প্রায় একইভাবে আউট হয়েছেন কোহলি। অফ স্টাম্পের অনেক বাইরের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে কিংবা স্লিপে। সিরিজ শেষে তাকে দুর্বলতা কাটিয়ে ওঠার নতুন উপায় বাতলে দিয়েছেন ডি ভিলিয়ার্স।
কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অনেকটা সময় পার করা ডি ভিলিয়ার্স ভিডিও বার্তায় বলেছেন, ‘বিশ্বের প্রতিটি ব্যাটসম্যানেরই কোনো না কোনো দুর্বলতা আছে। আমার জন্য, আমার প্যাডে আসা সোজা বল। আমি মনে করি মস্তিষ্ক রিসেট করা ভালো। আমার মনে হয় বিরাট মাঠে লড়াইয়ে জড়িয়ে পড়েন। এটি তার সবচেয়ে বড় শক্তি এবং এটি তার দুর্বলতাও হতে পারে।’
‘এই সিরিজে আমরা দেখেছি যে কিছু খেলোয়াড়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, লোকজনকে তার বিরুদ্ধে দেখা গেছে। বিরাট কোহলি লড়াই করতে পছন্দ করেন, কিন্তু যখন ফর্মে থাকেন না, তখন এইসব থেকে দূরে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
‘মনে করি মাঝে মাঝে বিরাট ভুলে যান এবং তার লড়াইয়ের মনোভাবের কারণে এবং নিজেকে সবকিছুতে জড়িত করে ফেলেন, সমগ্র ভারতকে দেখাতে চান যে তাদের জন্য লড়াই করার জন্য আছেন।’








