কুমিল্লার বুড়িচংয়ে সড়কের পাশে ডোবা থেকে অটো রিকশাচালক সঞ্জিত দেবনাথের লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে র্যাব। হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে।
র্যাব জানায়, অটো রিকশাটি ছিনতাই করতে সঞ্জিতকে হত্যা করা হয়। পরে তার লাশ গুম করতে পানিতে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা র্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার র্যাব অধিনায়ক ও স্কোয়াড্রন লীডার একেএম মনিরুল আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতি ও ছিনতাই এর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
নিহত সঞ্জিত চন্দ্র দেবনাথ (৫৮) কুমিল্লা বুড়িচং উপজেলার শাহদৌলপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ সেপ্টেম্বর সঞ্জিত বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ২৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকার একটি জলাশয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সঞ্জিতের ছেলে অর্পণ দেবনাথ অজ্ঞতাদের আসামী করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই মামলায় তদন্ত করতে গিয়ে হত্যার রহস্য উন্মোচন করে র্যাব। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হত্যার জড়িত পাঁচ জনকে। গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মোঃ নুর ইসলাম (২৫), দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মোঃ মিজান (২৪), মুরাদনগর উপজেলার বড়কুইয়া গ্রামের শিপন মিয়া (২৩), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পনশাহী গ্রামের মোঃ মিজানুর রহমান (৩৫) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মোঃ মোখলেছ (৩৭)। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের মত অপরাধের একাধিক মামলা রয়েছে।








