রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী প্রধান সড়ক ও রেল সেতুতে বিস্ফোরণকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করে এর জন্য ইউক্রেইনকে দায়ী করার পর দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এসব হামলা চালানো হয়। এই হামলার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন। এর আগে গত ২৪ জুন রাশিয়া কিয়েভে সর্বশেষ হামলাটি চালিয়েছিল।
প্রত্যক্ষদর্শীর বয়ানে জানা গেছে: শিশুদের খেলার জায়গার কাছে একটি ক্ষেপণাস্ত্র পড়েছে। সেখানে বড় একটি গর্তের সৃষ্টি হয় এবং সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন: রাজধানী শহর রুশ সন্ত্রাসীদের হামলার কবলে পড়েছে। জরুরি প্রয়োজন না থাকলে আজ শহরটিতে না যাওয়াই ভালো। শহরের উপকণ্ঠের বাসিন্দাদের আমি বলব, তারা যেন আজ রাজধানীতে না যান।
ইউক্রেইন যুদ্ধের প্রথমদিকে কিয়েভ দখলের চেষ্টা বাদ দেওয়ার পর থেকে এবারই শহরটিতে সবচেয়ে তীব্র হামলা চালালো রাশিয়া।







