বিনোদন

‘খতরোঁ কে খিলাড়ি’র ট্রফি জয়ী কে এই অবিনাশ?

‘খতরোঁ কে খিলাড়ি’র ট্রফি জয়ী কে এই অবিনাশ?

‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর চ্যাম্পিয়ন হয়েছেন টেলিভিশন অভিনেতা অবিনাশ মিশ্র। রবিবার (৪ আক্টোবর) রাতে প্রচারিত গ্র্যান্ড ফিনালেতে রিতভিক ধনজানি ও ওরহান আওয়াত্রামানি ওরফে অরির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী হন তিনি।

রোহিত শেঠি সঞ্চালিত স্টান্টভিত্তিক রিয়েলিটি শোয়ের ফাইনাল টাস্কে সবচেয়ে কম সময়ে চ্যালেঞ্জ শেষ করেন অবিনাশ। ফলে তার হাতেই ওঠে বিজয়ীর ট্রফি। পুরস্কার হিসেবে পেয়েছেন ২০ লাখ রুপি (প্রায় ২৭ লাখ টাকা), একটি বিলাসবহুল গাড়ি এবং ইউরোপ ভ্রমণের সুযোগ।

বিজয়ীর নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি অবিনাশ। রোহিত শেঠিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। অভিনেতা জানান, গত ১০ বছরে অনেক কাজ করলেও কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেননি। তার জীবনে এটিই প্রথম রিয়েলিটি শো, যেটিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

রোহিত শেঠিও অবিনাশের পারফরম্যান্সের প্রশংসা করেন। তার মতে, শুরু থেকেই অবিনাশের মধ্যে ফাইনালে যাওয়ার মতো যোগ্যতা ছিল।

বিজয়ের পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় অবিনাশ বলেন, টেলিভিশনে প্রায় এক দশক কাজ করতে গিয়ে তার পরিচয়ের একটি বড় অংশ হয়ে উঠেছিল পর্দার ‘সুদর্শন ছেলে’ ভাবমূর্তি। সেই পরিচয় তিনি উপভোগ করলেও নিজের আরও অনেক দিক দর্শকদের সামনে তুলে ধরার ইচ্ছা ছিল।

‘খতরোঁ কে খিলাড়ি’ অবিনাশকে সেই সুযোগ দিয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, এই অনুষ্ঠানে এসে নিজের কাজ দিয়েই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

অবিনাশ আরও বলেন, নিজেকে পরীক্ষা করতেই তিনি এই অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু এখান থেকে ফিরছেন নিজের ওপর আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস নিয়ে। তার কাছে সেটিই সবচেয়ে বড় জয়।

বিষয়:‘খতরোঁ কে খিলাড়ি ১৫’ অবিনাশ মিশ্র রোহিত শেঠি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…