মুখের এক পাশ ফুলে গেছে। প্রায় বেঁকে গেছে মুখ। চোখও যেন বেরিয়ে আসতে চাইছে, বিধ্বস্ত চেহারা! এমনই একটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন ভারতীয় টেলিভিশনের অভিনেতা শালিন ভানোত। তার এই ছবি দেখে আঁতকে উঠেছেন অনুরাগীরা। কী হয়েছে শালিনের?
বর্তমানে ‘খতরো কে খিলাড়ি ১৪’ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী শালিন। নামের মধ্যেই লুকিয়ে এই শোয়ের অর্থ। ঝুঁকি নিয়ে খেলা করেন শোয়ের প্রতিযোগীরা। আর তারই পরিণাম অনেক সময় মারাত্মক হয়ে দাঁড়ায়। বহু তারকাই এই শোয়ে যোগ দিয়ে আহত হয়েছেন নানা ভাবে। আর এবার গুরুতর চোট পেলেন শালিন।
এই মুহূর্তে এই শোয়ের শুটিং-এর জন্য প্রতিযোগীরা রয়েছেন রোমানিয়াতে। সেখান থেকেই সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন শালিন। যেখানে দেখা যাচ্ছে, রিয়্যালিটি শোয়ের কলাকুশলীরা শালিনের চিকিৎসার কাজে হাত লাগিয়েছেন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘‘আপনাদের জন্য সব কিছু করতে রাজি।’’
কিন্তু কীভাবে চোট পেলেন শালিন? এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, একটি স্টান্ট করার সময়ে শালিন প্রায় ২০০টির বেশি বিছের কামড় খেয়েছেন।
এর আগে ‘বিগ বস ১৬’-য় অংশ নিয়েছিলেন শালিন। তখনই তাকে ‘খতরো কে খিলাড়ি’-র জন্য প্রস্তাব দেওয়া হয়। তখন নাকি এই প্রস্তাব মেনে নেননি অভিনেতা। জানিয়েছিলেন, শুধুই অভিনয়ে মনোযোগ দিতে চান। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন অভিনেতা। যোগ দেন এই ‘খতরো কে খিলাড়ি’ শোয়ে। – পিঙ্কভিলা








