বলিউডে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন কার্তিক আরিয়ান। গেল বছর সব থেকে বড় ওপেনিং পেয়েছে তার অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া ২’। এই মুহূর্তেও হাতে অনেক কাজ তার। কিন্তু চলতি বছরের শুরুটা যেন একেবারেই ভাল হল না তার।
কার্তিকের পরবর্তী ছবি নাম ‘শেহজাদা’। এবার সেই ছবির সেটেই ঘটল বিপত্তি। সম্প্রতি ছবিটির গানের শুটিং করছিলেন অভিনেতা। এমনিতেই কার্তিকের নাচের প্রশংসা করেন অনেকেই। কিন্তু নাচতে গিয়ে এবার হাঁটুর অবস্থা খারাপ হলো অভিনেতার।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে কার্তিক লেখেন, ‘‘হাঁটু খুলে বেরিয়ে গেল আমার।’’ তবে অভিনেতার চোট গুরুতর কিনা, সে বিষয়ে খোলসা করে কিছু বলেননি কার্তিক।
এদিকে নিজের অভিনীত ছবি ‘শেহজাদা’র অন্যতম প্রযোজক কার্তিক নিজে। যার মাধ্যমে ক্যারিয়ারে নতুন স্তরে উন্নীত হতে চলেছেন তিনি!
সুপারহিট তেলুগু ছবি ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ ছবিটির হিন্দি রিমেক ‘শেহজাদা’। মূল ছবিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। তারই হিন্দি রিমেকে রয়েছেন কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন।
সূত্র: হিন্দুস্থান টাইমস








