বাংলাদেশ-ভারত টেস্ট ভেন্যুর একটি স্ট্যান্ড ‘অনিরাপদ’

টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত করা মাঠে একজন পুলিশ কর্মকর্তা ও একজন ব্যক্তি বসে আছেন, দর্শকরা মাঠের পাশে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ-ভারতের মধ্যে কানপুরে হতে চলা দ্বিতীয় টেস্ট নিয়ে নিরাপত্তা হুমকি রয়েছে আগে থেকেই। রয়েছে বৃষ্টির শঙ্কাও। আলোচনায় থাকা ম্যাচটি নিয়ে আরও একটি খবর এলো। গ্রিন পার্ক স্টেডিয়ামের একটি স্ট্যান্ডকে অনিরাপদ ঘোষণা করেছে রাজ্য কর্মকর্তারা।
উত্তরপ্রদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) পরিদর্শন শেষে স্টেডিয়ামের ‘সি’ স্ট্যান্ডকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে স্ট্যান্ডটির ধারণক্ষমতা পূর্ণ না করার পরামর্শ দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
ভেন্যুর প্রাচীন স্থাপনাগুলোর একটি ‘সি’ স্ট্যান্ড। দুদিন ধরে মেরামতের কাজ চলছে। পিডব্লিউডির পরামর্শে সীমিত সংখ্যক আসন দর্শকের জন্য বরাদ্দ করা হয়েছে। উপরের ব্লকে ৪৮০০ জন দর্শক ধারণক্ষমতা রয়েছে। সেখানে কেবল ১৭৫০ আসনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নিচের ব্লকে সবকটি আসনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, জানিয়েছেন ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর।
‘যখনই কোথাও কোনো ইভেন্ট অনুষ্ঠিত হয়, সরকারি বিভাগগুলো তাদের নিজস্ব সমীক্ষা চালায়। পিডব্লিউডি এবং এইচবিটিইউ ম্যাচের তিনদিন আগে পরিদর্শন করেছে। তারা দেখেছে, সি ব্লকের কিছু আসন দর্শকদের জন্য ব্যবহার করা যাবে না, কারণ এটি নিরাপদ নয়।’
ভারতের বিপক্ষে কানপুরে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু শুক্রবার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত।






