দিনের শুরু হতে না হতেই কালবৈশাখীর দেখা মিলল রাজধানীতে। এতে যেন অনেকটা প্রাণ ফিরে পেল রাজধানীবাসী। আজ সকাল থেকেই কালবৈশাখী ঝরে পড়েছে রাজধানীর বুকে। আবাহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে ৫৬ মিলিমিটারের মত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীতে।
আবহাওয়াবিদ ওমর ফারুক চ্যানেল আই অনলাইনকে জানান, এটি কালবৈশাখী ঝড়। আমরা এই সময় ৫২ কিমি দমকা হাওয়ায় রেকর্ড করেছে। তিনি বলেন, এই বৃষ্টি প্রথমে শুরু হয়েছে বগুড়াতে, তারপর তা টাংগাইল হয়ে রাজধানীতে এসেছে। আর ঘণ্টা খানিকের মত বৃষ্টি হয়ে থেমে যাবে। পরে আবার রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকালের এই বৃষ্টিতে কিছুটা দুর্ভোগে পড়েছেন অনেকেই। স্কুল শুরু হয়ে গেলেও বৃষ্টিতে যেতে পারেনি অনেকেই। তাছাড়া অফিসগামীদের অনেকটা ভেজা অবস্থাতেই যেতে হয়েছে কর্মস্থলে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশে বৃষ্টি আগের দিনের চেয়ে বাড়তে পারে। তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। আজ দেশের ছয় বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।







