স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করবে ফ্রান্স
বৈঠক শেষে যৌথ বিবৃতি

ফ্রান্সের প্রতিনিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া উপহার দিচ্ছেন, বাংলাদেশের উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ফ্রান্স। বিদ্যুৎ, স্যাটেলাইটসহ প্রযুক্তিখাতেও সহযোগিতামূলক সম্পর্ক দুই দেশের বন্ধনকে আরো দৃঢ় করতে বাংলাদেশের সকল উন্নয়নের সাথে থাকবে ফ্রান্স।
আজ (১১ সেপ্টেম্বর) সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান ফরাসী প্রেসিডেন্ট।
দুই নেতার বৈঠক প্রসঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ধারাবাহিকতার অগ্রযাত্রায় ফ্রান্স সরকারের আস্থার কথা দৃঢ়তার সাথে উদ্ধৃত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশের জনগণ এবং সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ম্যাক্রোঁ।
ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বে ফ্রান্স সরকার এবং ফ্রান্সের জনগণকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
আজ সকাল ১০টা ২০ মিনিটে ফরাসী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তারা একটি দ্বিপাক্ষিক এবং একটি একান্ত বৈঠকে অংশ নেন।
এর আগে ধানমন্ডি ৩২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।







