ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’ আনছে জাজ মাল্টিমিডিয়া। সংশ্লিষ্টদের দাবি, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’- সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।
সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে পোস্টারটি প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ সাদা। একেবারে জ্ল জ্ল করছেন। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুন্ডুলি। পোস্টারে উল্লেখ আছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে।
প্রকাশের ১৮ ঘণ্টায় দেখা যায়, ৩.৬ হাজার রিয়েকশন পড়েছে! যার মধ্যে ২.৬ হাজার-ই হাহা রিয়েক্ট! প্রায় ৫৪০টি কমেন্ট দেখা গেছে এবং পোস্টটি শতাধিক শেয়ার হয়েছে! তবে ভৌতিক সিনেমায় পোস্টারে এমন ‘হাহা রিয়েক্ট’ সয়লাব দেখে নেটিজেনরা বিষ্মিত হয়েছেন!
মুশতাক আহমেদ লিখেছেন, পোস্টের রিয়েক্ট দেখে বোঝা যাচ্ছে পোস্টার মানুষের কেমন লেগেছে। নীল মোহনা নামে আরেকজন লিখেছেন, আগের জ্বীনে ভৌতিক সিনেমার কথা বলে কমেডি সিনেমা দেখানো হয়েছে। এ কারণে মানুষ হা হা দিয়ে মজা নিচ্ছে।
আদনান নামে আরেকজন লিখেছেন, কী বানাচ্ছে এটা? পোস্টার দেখে হাসবো নাকি ভয় পাবো? ফাতিমা আহমেদ নামে আরেকজন লিখেছেন, আগের দুই জ্বীন-এর চেয়ে এটা ভয়ংকর মনে হচ্ছে! ওই মন্তব্যের উত্তরে জাজ থেকে লেখা হয়েছে, ভালো কিছু দেখার জন্য আশা রাখেন।
‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট প্রডাকশন চলছে। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া। ফেসবুকে ভালো-মন্দ কমেন্ট সবই থাকে। এগুলো কোনো ব্যাপার না।








