ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্লে অফে খেলা নিশ্চিত করতে জয় ছিল জরুরি। রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটের শোচনীয় হারে আইপিএলের চলতি আসরে কলকাতার পরের পর্বে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে গেল।
বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা কলকাতা ৮ উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি। ওপেনার যশস্বী জয়সওয়ালের ৪৭ বলে ১২ চার ও ৫ ছক্কায় খেলা অপরাজিত ৯৮ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে রাজকীয় জয় পায় রাজস্থান। এক উইকেট হারিয়ে ৪১ বল হাতে রেখেই অতিথি দল লক্ষ্যে পৌঁছে যায়।
১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান টেবিলের তিনে উঠে প্লে অফে খেলার সম্ভাবনা তৈরি করেছে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে কলকাতা।
কেকেআরের দুই ওপেনার জেসন রয় ১০ ও রহমানউল্লাহ গুরবাজ ১৮ রান করে আউট হন। তিনে নামা ভেঙ্কটেশ আয়ার ৪২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে যুজবেন্দ্র চাহালের শিকার হন।
পরের ব্যাটাররা খেলতে পারেননি বড় ইনিংস। অধিনায়ক নিতিশ রানা ২২, আন্দ্রে রাসেল ১০ ও রিংকু সিং ১৬ রান করে সাজঘরে ফেরেন। টেল এন্ডার ব্যাটাররাও সুবিধা করতে না পারায় কেকেআর দেড়শ রানের দেখা পায়নি।
রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ২৫ রান খরচায় নেন ৪ উইকেট। এ ম্যাচে চাহার আইপিএলের ইতিহাসের সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন। তার মোট উইকেট সংখ্যা ১৮৭। ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের ওপেনার জয়সওয়াল প্রথম ওভারেই তোলেন ঝড়। নিতিশ রানার করা ওভারে ৩টি চার ও ২ ছক্কা মেরে তুলে নেন ২৬ রান।
আইপিএলের ইতিহাসের সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন জয়সওয়াল। ১৩ বল খেলে পান হাফ সেঞ্চুরির দেখা। তার আগে লোকেশ রাহুল ও প্যাট কামিন্স ১৪ বলে ফিফটি করে যৌথভাবে রেকর্ডটির মালিক ছিলেন।
রানের খাতা না খুলে জস বাটলার রানআউট হন। পরে ক্রিজে এসে অধিনায়ক সাঞ্জু স্যামসনও করেন আক্রমণাত্মক ব্যাটিং। জয়সওয়াল ও স্যামসন ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কলকাতাকে উড়িয়ে দেন। ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় স্যামসন ৪৮ রানে অপরাজিত থাকেন।










