বাংলাদেশ

পুলিশ সংস্কারে সহায়তা করবে ইটালি

বাংলাদেশ ও ইটালি প্রতিনিধির মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ইটালি প্রতিনিধির মধ্যে সম্পর্ক উন্নয়নে আলোচনা চলছে, উভয় পক্ষের প্রতিনিধিরা বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের পুলিশ সংস্কারকে সমর্থন করবে ইটালি। এছাড়া ইটালিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়েও একসঙ্গে কাজ করবে দুই দেশ। এছাড়াও ঢাকায় নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

বুধবার (২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইটালীয় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইটালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন; অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশি সংস্কার আলোচনায় প্রাধান্য পেয়েছে।

প্রধান উপদেষ্টা ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একের পর এক বৈঠক করার এক সপ্তাহ পরে এ বৈঠক হলো।

জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ড. ইউনূস বাংলাদেশ থেকে ইটালিতে ব্যাপক আকারে শ্রমিক নেয়ার আহ্বান জানান। মেলোনি বলেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন কাটাতে কঠোর পরিশ্রম করা উচিত।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আরও উন্নত অভিবাসনের জন্য আমাদের কাজ করতে হবে।

ইটালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারের জন্য ইতালীয় সমর্থনের প্রস্তাব দেন। তাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ ধরনের সহায়তা করে বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় আড়াই বিলিয়ন ডলারের।

তিনি জানান, ইটালীয় দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব এবং একটি ব্যালে আয়োজন করবে।

বিষয়:ইটালি ইতালি পুলিশ সংস্কার বাংলাদেশ-ইতালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…