গাজা এবং মিসরের মধ্যে নিকটবর্তী সীমান্ত বরাবর একটি জোনের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানানোর একদিন পর রাফাতে এই হামলা চালিয়েছে ইসরায়েল।
সীমান্ত বরাবর অবস্থিত এই বাফার জোন ফিলাডেলফি করিডোর নামে পরিচিত এবং এটি দখলে নেয়ার মাধ্যমে গাজার সমগ্র স্থল সীমান্তের ওপর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পেয়ে গেছে ইসরায়েল।
গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রাফা শহরে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ ফিলিস্তিনি। এছাড়া পৃথক তিনটি হামলায় গাজায় আরও ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় হামলার খবর নিশ্চিত করলেও রাফাতে প্রাণঘাতী হামলা চালানোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েল। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৮১ হাজার ৭০০ মানুষ আহত হয়েছেন।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণে ১ হাজার ২০০ জন নিহত হয়েছিল এবং ২৫২ জনকে জিম্মি করা হয়েছিল।







