স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম এবং নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) মাদারীপুর সদর উপজেলার পৌর এলাকার চাঁদমারি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তারা ‘সমতা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমে যুক্ত ছিলেন।
পুলিশ জানায়, তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে যে, শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা কিছু খাদ্যসামগ্রী ছিল নষ্ট ও খাওয়ার অনুপযোগী। এই ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে মাদারীপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অনিয়মে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার পর সরকার দ্রুত তদন্তের উদ্যোগ নেয়। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসকদের সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।







