আম্পায়ার এবং দুদলের অধিনায়ক একে অন্যের সঙ্গে হাত মেলালেন। যদিও অ্যান্ডি ব্যালবির্নে ও মোহাম্মাদ নবির মনের অবস্থা মোটেও ভালো দেখাচ্ছিল না, বুঝতে বাকি থাকল না কারণটাও। বৃষ্টিতে যে পরিত্যক্ত হয়ে গেল আরেকটি ম্যাচ। আফগানিস্তান-আয়ারল্যান্ডকে করতে হল পয়েন্ট ভাগাভাগি।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় মেলবোর্নে খেলা শুরুর কথা ছিল। ভারি বৃষ্টির কারণে মাঠ থেকে নিরাপত্তা আস্তরণই সরানো যায়নি। বল গড়ানো তো দূরের কথা, টসই করা সম্ভব হয়নি।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে জিতে সমীকরণ জমিয়ে তোলে আইরিশরা। তৃতীয় ম্যাচে না হারলের চিরপ্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের বিপক্ষে এক পয়েন্টের বেশি জুটল না। আপাতত তারা এক নম্বর গ্রুপে টেবিলের দুইয়ে উঠে এসেছে।
২ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে রানরেটে এগিয়ে থাকায় সবার উপরে নিউজিল্যান্ড। সমান পয়েন্টে আয়ারল্যান্ড দুইয়ে। গ্রুপের বাকি চার দল ২ পয়েন্ট করে জমালেও রানরেটে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
মজার ব্যাপার হল কোনো ম্যাচ না জিতেই আফগানরা পকেটে ২ পয়েন্ট পুরেছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তারা বৃষ্টির কল্যাণে পয়েন্ট ভাগাভাগি করতে পেরেছে।







