কানে যে ছবি প্রদর্শনের দায়ে নির্মাতা-প্রযোজকের জেল
তেহরানের অর্থনৈতিক দুর্দশার সঙ্গে লড়াই করা একটি পরিবারের সমৃদ্ধ ও জটিল গল্প ‘লেইলাস ব্রাদার্স’

A man in a blue suit stands at an event, with the Leila’s Brothers film poster visible behind him. Channel i News – চ্যানেল আই নিউজ
কান চলচ্চিত্র উৎসবে ‘লেইলাস ব্রাদার্স’ ছবিটি প্রদর্শনের দায়ে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সাঈদ রুস্তাইকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।
তেহরানের অর্থনৈতিক দুর্দশার সঙ্গে লড়াই করা একটি পরিবারের সমৃদ্ধ ও জটিল গল্প ‘লেইলাস ব্রাদার্স’। গত বছর ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে ইরানে নিষিদ্ধ করা হয়েছে।
ছবিটি গত বছরের কান উৎসবে পাম ডি’অরের জন্য প্রতিযোগিতায় ছিল। এটি সর্বোচ্চ পুরষ্কার না পেলেও আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন পুরষ্কার জিতে নিয়েছিল।
গেল মঙ্গলবার ইরানের সংস্কারবাদী দৈনিক ইতেমাদ জানায়, রুস্তাই ও প্রযোজক জাভেদ নরুজবেগিকে কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রুস্তাই এবং নরুজবেগিকে ‘ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে বিরোধীদের প্রচারণায় অবদান রাখার’ জন্য দোষী সাব্যস্ত করা হয়।
সরকারি গণমাধ্যম জানায়, ‘লেইলাস ব্রাদার্স’ নিষিদ্ধ করার কারণ, এটি ‘অনুমতি ছাড়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রবেশ করে নিয়ম ভঙ্গ করেছে’ এবং পরিচালক সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুরোধে এটি ‘সংশোধন’ করতে অস্বীকার করেছেন। –ভয়েস অব আমেরিকা





