ইরানের সঙ্গে চলমান আলোচনায় তেহরান খুবই আন্তরিক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় আকারের সামরিক অভিযান নিয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
ট্রাম্প বলেন, ‘দেখুন, আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হয়, সময় যত এগোচ্ছে তারা ততই আন্তরিক হচ্ছে। কেন এমন হচ্ছে, সেটাও সম্ভবত সবার কাছেই পরিষ্কার।’







