ঊরুর চোটে পড়ে আইপিএলের চলতি আসর থেকে আগেই ছিটকে গেছেন লোকেশ রাহুল। এবার এলো আরও বড় দুঃসংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে।
৭ জুন থেকে শুরু হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত স্কোয়াডে রাহুলের বদলে জায়গা দিয়েছে ঈশান কিষাণকে। ১৪ ওয়ানডে ও ২৭ টি-টুয়েন্টি খেললেও সাদা পোশাকে ২৪ বর্ষী কিষাণের এখনও অভিষেক হয়নি।
রাহুলের ইনজুরি থেকে ছিটকে যাওয়াই টিম ইন্ডিয়ার একমাত্র উদ্বেগের কারণ নয়। ইতিমধ্যে চোটের জন্য মাঠের বাইরে শ্রেয়াস আয়ার। চোটাক্রান্ত দুই পেসার জয়দেব উনাদকাট এবং উমেশ যাদবকে মেডিকেল স্টাফরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
গাড়ি দুর্ঘটনায় আহত রিশভ পান্ট দীর্ঘসময় ভারত দলের বাইরে। এমন অবস্থায় রাহুলকে উইকেটরক্ষক হিসেবে দলে চাইছিল টিম ইন্ডিয়া।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন রাহুল। চোট নিয়েই পরে ব্যাট করতে নামেন। ম্যাচ প্রায় হাতের বাইরে- এমন সময় ব্যাট করতে কেন নেমেছিলেন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। রান নেয়ার জন্য দৌড়াতে পারছিলেন না।
ইংল্যান্ডের কন্ডিশনে রাহুলের রয়েছে দুটি টেস্ট সেঞ্চুরি। তিনি খেললে মিডল অর্ডারে বড় ভরসার প্রতীক হতে পারতেন বলে আশা করছিল রোহিত শর্মার দল।







