চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল, প্রতিটি পর্বেই হানা দিয়েছিল বৃষ্টি। বেশ কয়েকটি ম্যাচ ভেস্তেও যায়। ওভার কমিয়ে খেলার ঘটনা ঘটেছে কয়েকবার। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড-ভারত ম্যাচে কয়েকদফা বৃষ্টি নেমেছিল। বাধা কাটিয়ে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে শনিবার সাউথ আফ্রিকার বিপক্ষে নামছে দলটি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনালেও রয়েছে বৃষ্টির শঙ্কা।
প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে বিধ্বস্ত করে আসে প্রোটিয়াবাহিনী। দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ধরাশায়ী করে সাউথ আফ্রিকার সঙ্গী হয়েছে ভারত। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বার্বাডোজে গড়াবে শিরোপার লড়াই।
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা গড়াবে। অ্যাকুওয়েদারের তথ্যমতে, ব্রিজটাউনে খেলার সময় আকাশ মেঘলা থাকবে। বজ্রপাত-সহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ম্যাচের দিন ১৯০ মিনিট অতিরিক্ত রাখা হয়েছে। অর্থাৎ, বৃষ্টিতে ৩ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্ট হলেও ওভার কাটা হবে না। এরবেশি সময় নষ্ট হলে ফলাফল আনতে দু’দলের অন্তত ১০ ওভার করে খেলতে হবে। না হয় রিজার্ভ ডে-তে গড়াবে লড়াই।
একটি সেমিফাইনালে না থাকলেও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। বার্বাডোজে রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তে খেলা না গড়ালে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ভারত ও সাউথ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।







