সূর্যকুমার যাদব ও বিরাট কোহলির দারুণ দুই ফিফটিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টিতে জিতে ২-১ ব্যবধানে ট্রফি উঁচিয়ে ধরার পাশাপাশি একটি বিশ্বরেকর্ডও গড়েছে রোহিত শর্মার দল।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টি-টুয়েন্টি জয়ের রেকর্ড এখন টিম ইন্ডিয়ার। এবছর ২৮ ম্যাচের মধ্যে ২১টিতে জয়। গত বছর ২০ টি-টুয়েন্টি জেতা পাকিস্তানের রেকর্ড ভেঙে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
রোহিতের দলের সামনে রেকর্ডের ব্যবধান অনেক বাড়িয়ে নেয়ার সুযোগ। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিনটি টি-টুয়েন্টি খেলবে তারা, পরে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে থাকছে পাঁচটি ম্যাচ। সেমি ও ফাইনালে উঠতে পারলে ম্যাচ সংখ্যাও বাড়বে।
অজিদের হারিয়ে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে। রেটিং বেড়ে এখন ২৬৮-তে। ২৬১ রেটিং নিয়ে দুইয়ে ইংল্যান্ড। সমান ২৫৮ পয়েন্ট পেলেও ভগ্নাংশের ব্যবধানে সাউথ আফ্রিকা তিনে, পাকিস্তান চারে।
২৫২ পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ২৫০ পয়েন্টে ছয়ে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ২৪১ পয়েন্টে সাতে, শ্রীলঙ্কা ২৩৭ পয়েন্টে আটে, ২২৪ পয়েন্টে নয়ে আছে বাংলাদেশ। আফগানিস্তান দশে।
রোববার হায়দরাবাদে টসে হেরে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৮৬ রান তুলেছিল। জবাবে ভারত এক বল হাতে রেখে জয়ে মাঠ ছাড়ে।







