এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নানা নাটকীয়তার পর গত ১০ ফেব্রুয়ারি মত পাল্টেছে পাকিস্তানের। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় রোববার মুখোমুখি হওয়ার কথা তাদের। তবে সে ম্যাচ ঘিরে রয়েছে বৃষ্টির শঙ্কা।
আবহাওয়া পূর্বাভাস বলছে, কলম্বোতে সেদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক বেশি। বিভিন্ন পূর্বাভাস সংস্থার তথ্যমতে, ম্যাচ চলাকালীন সময়েও হতে পারে বৃষ্টি। এতে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
কলম্বোয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ভারত-পাকিস্তান লড়াই। ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৩ শতাংশ। বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে ২৬ শতাংশ। মোট বৃষ্টিপাত হতে পারে প্রায় ১২.১ মিলিমিটার। ফলে দিনের বড় একটা সময় বৃষ্টিতে ভিজতে পারে মাঠ ও আউটফিল্ড।
তবে সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তির খবর রয়েছে। পূর্বাভাস বলছে, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা নেমে আসতে পারে ১৩ শতাংশে। অর্থাৎ ম্যাচ শুরুর সময় ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম।
গ্রুপ ‘এ’ থেকে নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত-পাকিস্তান। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া দারুণ ছন্দে আছে, অন্যদিকে পাকিস্তানও আত্মবিশ্বাসী। এই ম্যাচের জয়ী দল সুপার এইটে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে। তবে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে।








