বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে কাব্য রচনা করেছে ভারত। প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে রোহিত শর্মার দল। ৩৫৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১০৭ রানের লিড পেয়েছে ভারত। জিততে ছোট লক্ষ্যই পেয়েছে নিউজিল্যান্ড।
ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৪৬ রানে থামে ভারতের ইনিংস। জবাবে নেমে ৪০২ রান তোলে কিউইবাহিনী। দ্বিতীয় ইনিংসে নেমে সরফরাজ খানের দেড়শ ও রিশভ পান্টের ৯৯ রানে ঘুরে দাঁড়ায় ভারত। বড় লক্ষ্যের আভাস দিলেও ৪৬২ রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। লক্ষ্যতাড়ায় নেমে নিউজিল্যান্ড ব্যাটাদের ৪ বল মোকাবেলা করার পরই বৃষ্টির হানায় থেমেছে চতুর্থ দিনের খেলা। দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে শেষদিনে জয়ের লক্ষ্যে নামবেন।
৩ উইকেট ২৩১ রানে তুলে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। চতুর্থদিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। রিশভ পান্টকে নিয়ে ১৭৭ রানের জুটি গড়েন। দলীয় ৪০৮ রানে সরফরাজ ১৫০ রান করে ফিরে গেলে জুটি ভাঙ্গে। ৪৩৩ রানে সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকার আক্ষেপ নিয়ে ফিরে যান পান্ট। পরে ২৯ রানের মধ্যে বাকী পাঁচ ব্যাটারকে হারিয়ে থামে স্বাগতিকদের ইনিংস। এর আগে তৃতীয় দিন রোহিত শর্মা ৫২, কোহলি ৭০ এবং যশ্বী জয়সওয়াল ৩৫ রান করে ফিরে যান।
দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে তিনটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রউর্ক। এজাজ প্যাটেল নেন দুটি উইকেট।
১০৭ রানের লক্ষ্যে নেমে ইনিংসের চার বল শেষেই আলোকস্বল্পতা দেখা দেয়। আম্পায়ার খেলা বন্ধ রাখার কিছুক্ষণের মধ্যে বেঙ্গালুরুতে বৃষ্টি নামে। পরে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।








