ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, অবকাঠামো উন্নয়ন শেষ হলেই দিনাজপুরের বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হবে। এই স্থলবন্দর চালু হলে ভারত-বাংলাদেশ-নেপাল ও ভুটানের বাণিজ্যদ্বার উন্মোচিত হবে।
মনোজ কুমার আজ রোববার ( ০২ এপ্রিল) বিকেলে দিনাজপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত দিনাজপুর জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
মনোজ কুমার বলেন, দিনাজপুরে অর্থনৈতিক জোনের সাথে ভারতীয় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হবে। দিনাজপুরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর ব্যাপার বিবেচনায় রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাংবাদিক নেতা গোলাম নবী দুলাল, ব্যবসায়ী নেতা মোসাদ্দেক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, পার্বতীপুর পৌরমেয়র আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান মাইকেল প্রমুখ।







