ক্রিকেট

জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনে সাড়ে তিনশ পার ভারতের

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম টেস্ট

ভারতের ক্রিকেটাররা মাঠে জোড়া সেঞ্চুরি উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ক্রিকেটাররা প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি উদযাপন করছে, দর্শকরা মাঠে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হেডিংলি টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। ধারাবাহিক ফর্মে থাকা যশ্বী জয়সওয়াল ইংল্যান্ডের মাটিতে প্রথমবার নেমেই সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি করে নেতৃত্বের অভিষেক রাঙালেন শুভমন গিল। দিনের শেষ বেলায় ফিফটি পেয়েছেন রিশভ পান্ট। ব্যাটিংয়ে দুর্দান্ত কাটিয়ে প্রথম দিনে বড় সংগ্রহের ভিত পেয়ে গেল ভারত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং বেছে নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আগে ব্যাটে নেমে ৮৫ ওভারে ৩ উইকেটে ৩৫৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। গিল ১২৭ রানে এবং পান্ট ৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

ভারতের উদ্বোধনী জুটিতে আসে ৯১ রান। ৪২ রান করে লোকেশ রাহুল ফিরে গেলে জুটি ভাঙে। তিনে নামা সাই সুদর্শন টেস্ট অভিষেক রাঙাতে পারেননি। ৪ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই ফিরেছেন। তৃতীয় উইকেটে জয়সওয়াল ও গিল মিলে যোগ করেন ১৬৪ বলে ১২৯ রান। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে জয়সওয়াল ফিরে গেলে জুটি ভাঙে। ১৬ চার ও এক ছক্কায় ১৫৯ বলে ১০১ রান করে আউট হন ভারত ওপেনার।

পরে গিল ও পান্টের ১৯৮ বলে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিন পার করে ভারত। গিলও পূর্ণ করেছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৬ চার ও ১ ছক্কায় ১৭৫ বলে ১২৭ রানে অপরাজিত আছেন গিল। ৬ চার ও দুই ছক্কায় ১০২ বলে ৬৫ রান করে দ্বিতীয় দিনে তাকে সঙ্গ দিবেন পান্ট।

ইংলিশদের হয়ে বেন স্টোকস দুটি এবং ব্রাইডন কার্স এক উইকেট নেন।

বিষয়:অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি গিল জয়সওয়াল পান্ট ভারত-ইংল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…