বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। জশ হ্যাজেলউডের জোড়া আঘাত ও মিচেল স্টার্কের আগুন ঝরা বোলিংয়ে মড়ক লেগেছে ভারতের টপঅর্ডারে। সেই আঘাত সামাল দেয়ার চেষ্টা করছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে রোহিত শর্মার দল। ৩৯ বলে ১৯ রানে কোহলি এবং ২৩ বলে ১৩ রানে উইকেটরক্ষক ব্যাটার রাহুল অপরাজিত রয়েছেন।
২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে বাঁহাতি ওপেনার ঈশান কিষাণনকে হারায় স্বাগতিক দলটি। ১ বল খেলে কোন রান যোগ করার আগে তাকে সাজঘরের পথ দেখান স্টার্ক।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ডানহাতি পেসার হ্যাজেলউড। ওই ওভারের ষষ্ঠ বলে ওয়ার্নারকে ক্যাচ দেন শ্রেয়ার আয়ার। এ দুই ব্যাটার বোর্ডে কোনো রান যোগ করতে পারেননি।
এরআগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপ সামলে স্টিভেন স্মিথ এবং ওয়ার্নারের দৃঢ়তায় ১৯৯ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। দুর্দান্ত বল করেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।








